বেইজিং, ২৯ জুলাই (বাসস/এএফপি) : চীনের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় ৩ হাজার ব্যারেল বিস্ফোরক ভেসে গেছে।
এ ঘটনার পর জিলিন নগরীতে পানি সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। এ নগরীর ৪৩ লাখ লোক বোতলজাত পানির ওপর নির্ভরশীল। তবে স্থানীয় সরকার জানায়, পানি সরবরাহ বন্ধের সঙ্গে বিস্ফোরকদ্রব্য ভেসে যাওয়ার কোনো সম্পর্ক নেই। একটি বৈদ্যুতিক ব্যবস্থাপনা প্রকল্প এর জন্য দায়ী।
স্থানীয় সরকারের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানায়, জিলিন প্রদেশে গত কয়েক দিনের ব্যাপক বৃষ্টিপাতের পর সংগু নদীতে বিস্ফোরক ভর্তি এসব ব্যারেল পানির তোড়ে ভেসে গেছে।
সিনহুয়া জানায়, নগরীর নিকটবর্তী জিনাগিয়াং রাসায়নিক কারখানায় এসব ব্যারেল মজুদ ছিল এবং এতে ৫শ’ ১০ মেট্রিক টনেরও বেশী রাসায়নিক পদার্থ ছিল।
সংবাদ সংস্থা আরও জানায়, ব্যারেলে মিথাইল ক্লোরাইড ছিল। এটা খুবই উচ্চমানের বিস্ফোরক গ্যাস। খবরে বলা হয়, ৭ হাজার ব্যারেল নদীতে ভেসে গেছে। এর মধ্যে তিন হাজার ব্যারেল রাসায়নিক পদার্থ ছিল এবং বাকীগুলো খালি ছিল।
দুই শতাধিক শ্রমিক ব্যারেল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এবং এ পর্যন্ত ৪শ’ ব্যারেল পাওয়া গেছে।
চায়না ডেইলি জানায়, স্থানীয় পরিবেশ সংরক্ষণ কর্তৃপক্ষ সংগু নদীর পানির গুণগত মান পরিধাবন করছে এবং তারা এখন পর্যন্ত পানি দূষণের কোন নমুনা পায়নি। |