লক্ষ্মীপুর, ২৯ জুলাই (বাসস) : সদ্য নিয়োগপ্রাপ্ত ৪১ ডাক্তার জেলায় সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে যোগদান করেছেন। জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে তারা যোগদান করেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় নিয়োগপ্রাপ্ত ৪১ ডাক্তারের মধ্যে সদর উপজেলায় ১৪ জন, রায়পুর উপজেলায় ১১ জন, রামগঞ্জ উপজেলায় ৫ জন, রামগতি উপজেলায় ৬ জন, কমলনগর উপজেলায় ৫ জন বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে যোগ দেন।
সিভিল সার্জন ডা. সামছুল আশরাফ খান জানান, চিকিৎসকগণ গ্রামীণ সমাজের সুবিধাবঞ্চিত ও সর্বস্তরের শত শত মানুষকে প্রতিদিন বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিতে শুরু করেছে। এতে মানুষ উপকৃত হচ্ছে। সকাল ৮ থেকে দুপুর ২টা ৩০মিনিট পযর্ন্ত চিকিৎসা প্রদান করা হয়। সদর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, পার্বতী নগর, কুশাখালী, মান্দারী, দক্ষিণ হামছাদী, চরশাহী ও বশিকপুর ইউনিয়নসহ ৭টি ইউনিয়নে স্বাস্থ্য কেন্দ্র না থাকায় ওইসব ইউনিয়নের ৭ জন ডাক্তারকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। |