ঢাকা, ২৯ জুলাই (বাসস) সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটি পঞ্চম সংশোধনী বাতিল সংক্রান্ত উচ্চ আদালতে রায়ের সঙ্গে সংবিধানের সঙ্গতি-অসঙ্গতি এবং পূর্ণতা-অপূর্ণতা চিহ্নিত করে পূর্নাঙ্গ প্রতিবেদন তৈরি করতে কমিটির চেয়ারম্যান সাজেদা চৌধুরী এবং কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তকে দায়িত্ব দিয়েছে ।
এছাড়া কমিটি সংবিধানের সার্বিক সংশোধনীর একটি তালিকাও তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।
আজ সংসদ ভবনে বিশেষ কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
কমিটির চেয়ারম্যান সংসদ উপ-নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইন কমিশন, আইন মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে এ প্রতিবেদন তৈরি করে তা আগামী ৮ আগষ্ট অনুষ্ঠিতব্য মুলতবি সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়।
কমিটির বৈঠক শেষে মিডিয়ার সেন্টারে প্রেস ব্রিফিংয়ে কমিটির কো-চেয়ারম্যান ও মুখপাত্র সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, পঞ্চম সংশোধনীর ব্যাপারে উচ্চ আদালতের রায়ের কপি বুধবার কমিটির কাছে পৌঁছেছে। কমিটি এ রায়কে যুগান্তকারী ও ঐতিহাসিক হিসেবে অভিহিত করেছে। এ রায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়তা করবে। তিনি বলেন, এ রায় পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণ করা হবে। শুধু পঞ্চম সংশোধনী নয় কমিটি সংবিধানের সবগুলো সংশোধনী বিশ্লেষণ করবে । কমিটির বৈঠক আগামী ৮ আগস্ট পর্যন্ত মুলতবি করা হয়েছে বলেও তিনি জানান । এদিন সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হবে।
সুরঞ্জিত সেন গুপ্ত আরো জানান, সভায় সংবিধান সংশোধন চূড়ান্ত না হওয়া পর্যন্ত কমিটির কোন সদস্য , কোন মন্ত্রী ও সংশ্লিষ্ট কেউ বিশেষ কমিটির কার্যক্রম সম্পর্কে মিডিয়ায় কোন কথা বলতে পারবেন না বলেও সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় সংবিধান বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট সকলের মতামত নেয়ার জন্য তাদের কমিটির সভায় আমন্ত্রন জানানোর সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে সভার একটি সূত্র জনায়, কমিটির প্রথম বৈঠকে অবৈধভাবে ক্ষমতা দখল চিরতরে বন্ধ করতে সুপ্রিম কোর্টের রায়ের একটি আইন করার বিষয়ে সভায় আলোচনা করা হয়েছে। সভায় জানানো হয় আর্জেন্টিনা ও মেক্সিকোর এ সংক্রান্ত আইনের কপিও কমিটি সংগ্রহ করেছে। আর্জেন্টিনা ও মেক্সিকোতে অবৈধ ক্ষমতা দখল বন্ধ করতে শাস্তির বিধান রেখে আইন করা হয়েছে। কমিটি ওই আইন খতিয়ে দেখারও সিদ্ধান্ত নিয়েছে।
বৈঠকে কমিটির অন্য সদস্য আওয়ামী লীগের আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, অ্যাডভোকেট রহমত আলী, সৈয়দ আশরাফুল ইসলাম, ফজলে রাব্বী মিয়া, ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এবং শিশু ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী উপস্থিত ছিলেন।
গত ২১ জুলাই জাতীয় সংসদের কার্যবিধির ২৬৬ ধারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ উপ- নেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যন এবং সুরঞ্জিত সেনগুপ্তকে কো-চেয়ারম্যান করে সংবিধান সংশোধনের লক্ষ্যে এই বিশেষ কমিটি গঠন করেন।